এখন ভাদ্র মাস
কাশফুল ফুটে নদীর ধারে,
মা দেখেন, পুলের ওপরে মোটরের ক্ষীণ আলো;
বাবা রোজ রাতে রেডিও শোনেন,
ভাঙা রেডিও
রোজ রাতে ঝিঁঝিরা গান গায়।
এখন ভাদ্র মাস
হলুদ চাঁদের আলো আমাদের চোখে,
নদী কিনে রাখে সাদা মেঘ-
বাবা হঠাৎ করেই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকেন
আমরা বাবা'কে পাগল ভাবতে শুরু করি।
এখন ভাদ্র মাস
চারদিকে পুতুল ভাঙার জোয়ার,
বিসর্জনের গান বাঁধে কবি;
নদী দখলের মতো
পুতুল ভাঙা আমাদের প্রথা হয়ে গেছে।
এখন ভাদ্র মাস
মাথার সাদা টুপির মতো কুয়াশা নেই,
চলো, জুতো জোড়া রক্তে রাঙিয়ে নেয়া যাক;
রক্ত না পাওয়া গেলে লাল রঙ
অথবা কালো, নীল কিংবা হলুদ-
ওই যে পুতুলের গায়ে থাকে!
উপোস থাকার মতো
পুতুল ভাঙা আমাদের প্রথা হয়ে গেছে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।