সরল ভাষাবিন্যাস নিখাঁদ সমাজবোধ
ইমদাদুল হকের 'যে দেশে ঈদ নেই' গল্পগ্রন্থের পাঠক পর্যালোচনা
আবু বকর সিদ্দিক
'যে দেশে ঈদ নেই' বইটি প্রকাশের পরেই বিভিন্ন পাঠক মারফত বইটার আলাপ শুনতে পাচ্ছিলাম।
পূর্ব থেকেই লেখকের জ্ঞান ও লিখনী সম্পর্কে অবগত থাকার দরুন আগ্রহ প্রকাশ করেছিলাম তো বটেই।
একপ্রকার মজা করেই সোশ্যাল মিডিয়ায় লেখককে মেনশন দিয়ে জানতে চাইলাম 'কোন দেশে ঈদ নেই?'
লেখকও মজা করেই উত্তর দিলেন,'সেটা জানতে হলে আগে পড়তে হবে।' লেখকের সাথে সরাসরি স্বাক্ষাত করেই অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করলাম।
তারপর কয়েকদিন কেটে গেছে।বেশ কয়েক বসায় বইটি শেষ করে রিভিউ লিখতে বসেছি।চলুন ,আমার দৃষ্টিতে বইটি ঠিক কেমন আঙ্গিকে ধরা দিয়েছে তা ব্যক্ত করা যাক....
বিশিষ্ট লেখক ইমদাদুল হক লিখিত 'যে দেশে ঈদ নেই' বইটি মূলত গল্পগ্রন্থ। ছোট ছোট মোট ১৪ টি গল্পগুচ্ছের ঠাঁই হয়েছে ৯৬ পৃষ্ঠায়।
বইটা শুরু হয়েছে যে গল্প দিয়ে ,সে গল্পের নামেই বইয়ের নামকরণ। অর্থাৎ,যে দেশে ঈদ নেই।
বাতিহীন ঘরটিতে অন্ধকার স্তব্ধ হয়ে আছে।পাটখড়ির বেড়ার ছিদ্রপথে দূর থেকে বৈদ্যুতিক বাল্বের আলো এসে সরু ধারায় প্রবেশ করে....এভাবে শুরু হয় গল্পের।
সমাজের এক অন্ধকার বাস্তবতার মধ্য দিয়ে সেই পাটখড়ির বেড়ার ফাঁক দিয়ে আলো আসার মতো এখানেও আলো আসবে তা সন্ধান করেন লেখক। লেখা এগিয়ে যায়....। মাঝে ঘটনার প্রবাহ, সাবলীল উপস্থাপন,সরল ভাষাবিন্যাস যে আবহ তৈরি করে তাতে পাঠক নিজেই হয়ে ওঠেন গল্পেরই অংশ।
আমি দাঁড়িয়ে থাকি,চোখের সামনে গল্প চলে, হেঁটে বেড়ায়, আন্দোলিত করে।গল্প শেষ হয় পাঁচটি দৃশ্যকল্পে ।
গল্পের প্রধান চরিত্র রাহির এক টুকরো ঈদ আনন্দ খোঁজ করার যে কোশেশ তা হৃদয় আন্দোলিত করে,দুঃখ জাগিয়ে তোলে।
সে চেষ্টা করে, কিন্তু বিধি বাম! দিনশেষে ব্যর্থ হয়। সারাদিন লাইনে দাঁড়িয়েও তার ভাগ্যে মেলে না দু টুকরো গোশত।
ঈদের দিনেও রাহির কপালে খুশি মেলে না,মেলে কষ্ট । রাহি ভাবে,তাহলে যেখানে ঈদ নেই নিশ্চয় সেখানে কোনো একটি দিন এভাবে আমাদের কষ্ট দেবার জন্য ওত পেতে থাকবে না। আনন্দের নামে এসে কাঁদাবে না।
জায়নামাজে মায়ের পাশে বসে গলা জড়িয়ে ধরে রাহি বলে,চলো মা! আমরা সেই দেশে চলে যাই,যে দেশে ঈদ নেই।
রাহির মায়ের ফোঁপানির আওয়াজ পাঠক দেখতে পায়। স্তব্ধ হয়, কিছু বলতে পারে না। সমাজে রাহিদের মত নিগৃহীত প্রাণদের কষ্ট তীব্রভাবে অনুভূত হয়। এভাবে শেষ হয় গল্পের।
অতঃপর শুরু হয় ভিন্ন গল্পের...।
লেখক বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিক এক আদর্শিক প্রশ্নের সম্মুখীন করেন নিজেকে। দাঁড়ি,টুপি দেখলেই স্বাধীনতা বিরোধী, রাজাকার ট্যাগ দেওয়া আওয়ামী শাসনামলে থেকে এক প্রতিষ্ঠিত নির্মম পরিহাস হয়ে উঠেছে। রাজনৈতিক ফায়দা হাসিলসহ , নির্দিষ্ট কিছু গোষ্ঠীর দায় পুরো দাড়ি ,টুপির মত ইসলামিক সিম্বল ব্যবহারকারীদের উপর নির্দ্বিধায় ঢালাওভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।
লেখক এখানে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গল্পের মাধ্যমে,কিছুটা প্রচলিত ধারার বাইরে গিয়ে।
স্বপ্নজুড়ে যার স্বাধীনতার চাষ তাকে যখন স্বাধীনতা বিরোধী রাজাকার ট্যাগ দেওয়া হয়, তখন দেশ স্বাধীনেরও অনেক পরে জন্ম নেওয়া লেখকের স্বদেশের প্রতি ভালোবাসা আর স্বাধীনের পক্ষের লোক বুঝাতে গল্পের অবতারণা করা ছাড়া আর কীইবা করার থাকে?
লেখক গল্পে হাজির থাকেন আপাদমস্তক একজন বিপ্লবী, যোদ্ধা হিসেবে। যুদ্ধ করেন দেশমাতৃকার জন্য, মানুষের মুক্তির জন্য।
গল্পের শেষটা দেখে রাজাকার ট্যাগ দেওয়া লোকটি অবাক হন।তিনি অবাক হন তার ভোল পাল্টানো দেখে।কারণ একজন দাড়ি ,টুপি পরা লোক স্বাধীনতা যুদ্ধের পক্ষের লোক বলে দাবি করছেন।অথচ বাস্তবতা এটাই যে, হাজারো মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো ইসলামিক মুল্যবোধের কারণে,শোষণ-জুলুমের বিরুদ্ধে।
এভাবেই শেষ হয় গল্পটি।আর বুঝতে পারি লেখকের স্বপ্নজুড়ে দেশমাতৃকার ঐতিহাসিক প্রশ্নে আদর্শিক ভাবে মূলত কিসের আনাগোনা।
পরবর্তী গল্প আসে অন্তর্ধান নামে, গল্পের প্রধান চরিত্র আরশাদুল আলমের অন্তর্ধান ।
গল্পটি মূলত পূর্বেকার স্বপ্নজুড়ে গল্পেরই ধারাবাহিক প্রকল্প হিসেবে আমার চোখে ধরা দিয়েছে। যেখানে কিছুটা ব্যতিক্রমী আবহ অথচ স্বপ্নজুড়ে গল্পের মৌলিকত্ব ধারণ করে এমন প্রবাহ বিদ্যামান দেখা গেছে। যেখানে গ্রামের একজন সৎ,শিক্ষিত ও ধর্মীয় নেতা হিসেবে আরশাদুল আলমের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে তার ভূমিকা , উদ্ভূত পরিবেশ-পরিস্থিতির ব্যাপারে সজাগ দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক টানাপোড়েনসহ অনেক কিছুই ধরা দেবে পাঠক মনে।
৭১ এর চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গ্রামের প্রবীণ আলেম ,আধ্যাত্মিক নেতা আরশাদুল আলমের হঠাৎ উধাও হয়ে যাওয়ার মধ্য দিয়ে গল্পের ইতি টানা হয়েছে।পাঠক হিসেবে গল্পটি আমার মন ছুঁয়ে গেছে।
অতঃপর 'শম্পিত প্রান্তর' আসে এক নির্মম উপাখ্যান নিয়ে।এ গল্পে যেমন বাস্তবতা আছে তেমনি আছে চরম অনুতাপ।
স্বপ্নজুড়ে, অন্তর্ধান অতঃপর শম্পিত প্রান্তর একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত।ভিন্নতা আছে ,তবুও কেমন যেন এদের পরম্পরা একই সূত্রে গাঁথা।
মনের লালিত স্বপ্ন, পরিস্থিতির টানাপোড়েন ও সত্যকে উপলব্ধি করে বাস্তবতায় ফেরা অতঃপর শম্পিত প্রান্তরে এসে জীবনের বিশাল সময় জুড়ে অনুতাপ বয়ে বেড়াবার অন্তর্জালার বহিঃপ্রকাশ ঘটেছে।যার প্রবাহ পাঠককে চুম্বকের মত আকর্ষণ করে রাখবে।রেখেছিলো আমাকেও।
তারপর 'সিদ্ধান্ত' আসে চরম আদর্শিক প্রশ্নে আপোষহীন কাহিনীর মধ্য দিয়ে।লেখক এই গল্পটাকে অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্যকল্পে হাজির করেছেন।বাবা-মেয়ের মধ্যকার আত্মিক সম্পর্ক, দায়বদ্ধতা ও বাবার আদর্শের প্রশ্নে মেয়ের যে বিশাল ত্যাগ তা পাঠককে মুগ্ধ করবে।তবে সাহিত্য পড়তে হবে, সাহিত্য হিসেবেই।এ গল্পের সাবলীল উপস্থাপন পাঠককে টেনে নিয়ে যাবে একেবারে গল্পের ভেতরে।
পরের গল্পটি 'শেষ না হওয়া শেষ দুটি পৃষ্ঠা 'শিরোনামে।লেখক শহীদুল জহিরের সৃষ্টি'আবু ইব্রাহীম'চরিত্র সম্পর্কে পূর্বে অবগত থাকলে গল্পটি আরো সুখপাঠ্য হবে। ইমদাদুল হক এখানে গল্পের ভেতর গল্প আনেন।সে গল্পের পাঠক 'উযবাহ'বই পড়ুয়া ছেলে।বই পড়তে পড়তে সে নিজেও ডুবে গেছে বইয়ের দেশে , রচনা করেছে কিছু নির্মম কাহিনী সাথে আমাকেও নিয়ে ডুব দেয় তারি সাথে।
আমি পড়ে চলি....। তারপর সামনে আসে 'মাহিয়া' গল্পটি।গল্পের প্রধান দুই চরিত্র আমান আর মাহিয়ার জ্ঞানের প্রতি টান এবং মনস্তাত্ত্বিক মিলের কারণে একজন মানুষ আরেকজনকে কতটা ভালোবাসতে পারে তার দৃশ্যপট লেখক এখানে হাজির করেছেন সুনিপুণ ভাবে।এত টানের পরেও দুজনের মধ্যে বৈষয়িক ব্যবধান তাদেরকে দূরেই রাখে পুরোটা গল্পে। আমানের শেষ পরিণতি হয় সঙ্গীবিহীন, গ্রামে।মাহিয়ার স্মৃতি তাকে জ্বালিয়ে রাখে তুষের আগুনের ন্যায়।
আহ মাহিয়া! স্বর্গের মান্দাকিনি।হাবিয়া দোযখ।
অতঃপর 'সমস্ত দিনের শেষে', কখনো ফাগুন আসে, অথবা কখনো হাসে দোযখের লাভা উদ্গিরণ।
লেখক 'সমস্ত দিনের শেষে 'গল্পে আমাদের সম্মুখপানে চির শ্বাশ্বত অন্তিম মুহূর্তের সেই করুণ কাহিনীর অবতারণা ঘটান। যেদিন প্রিয়তম মুখ ফিরিয়ে নেন, আত্মীয়-স্বজনও হয়ে যান অতি অপরিচিত। সেদিন হয়তো কোনো ঠুনকো সম্পর্ক, যা খুব বেশি গাঢ় না,আর না কোনো রক্তের সম্পর্ক।সেদিন হয়তো অন্তরের গভীর থেকে পরম মমতা মাখা এ সম্পর্কটুকুও কোনোভাবে হতে পারে নাজাতের মাধ্যম। গল্পে সে ঘটনায় লেখক অত্যন্ত দারুণভাবে উপস্থাপন করেছেন।পাঠক মুগ্ধ হবেন।
তারপর 'সখীসংবাদ'গল্পের মাধ্যমে পুরোনো সেই দিনের কথায় ফিরে যান লেখক। নস্টালজিক লাগে।
সাকিয়া, বাঁধন আর মাহিরের একে অপরকে পাঠানো কাগুজে চিঠির গল্প তারুণ্যের সময়টাকে স্মরণ করিয়ে দেবে পাঠককে।
'এখনও প্রতি বছর ভরা বর্ষায় মণিদুহার বিল আর ফতেগড়ার খাল উপচে এসে একাকার হয়ে যায়।ভিজিয়ে রাখতে কবরের মাটি । একীভূত হয় দুটি দেড়েক শেষাবশেষ।তাতে কি শীতল হয় দুটি সন্তপ্ত মানব হৃদয়! "
লাইনগুলো পরের গল্প 'মনিদুহার বিল 'এর শেষ স্তবক।
এক করুণ সমাপ্তির মধ্য দিয়ে মনি আর ফাতেমা চরিত্রে মোড়ানো গ্রাম বাংলার ইতিহাস,ঐতিহ্য ও স্থান নামের নিদর্শন রেখে যান লেখক।এ গল্প পাঠককে টেনে নিয়ে যাবে একেবারে প্রত্যন্ত অঞ্চলে,নিরেট বাংলার মাটি ও মানুষের কাছে।
'আটপৌরে'গল্পে লেখক যেন পাঠককে নিয়ে বসিয়ে দেন গল্পের চরিত্র নজরুলের সামনে।
যেন সম্মুখ দিয়ে চলে যায় গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের শৌল্পিক দৃশ্যপট আর আকাশের মাঝে মেঘ-বৃষ্টির খেলা।তাতে উঠে আসে গ্রামীণ কৃষকদের রোদ , বৃষ্টি,মেঘের সাথে দু মুঠো ভাত পাতে তোলার সংগ্রাম। দৃশ্যকল্প মন ছুঁয়ে যায়।
নৈকট্যের ব্যবধান থাকে?
শাব্দিক অর্থে হয়তো থাকে না তবে বাস্তবতা ভিন্ন কথা বলে।একই ছাদের নিচে দূরত্বহীন বসবাস করেও মানুষের মনস্তাত্ত্বিক দূরত্ব হয় সহস্র বছরের।সব কি আর জানা হয়?
অজানা থেকে যায় কতকিছুই।
এ গল্পে লেখক ঠিক এ ব্যাপারটিই উঠিয়ে এনেছেন। ছেলেবেলার অতি কাছের দুই বন্ধুর মধ্যকার সম্পর্ক, আবারো সময়ের পরিক্রমায় দুজনের জীবনের ভিন্ন দুই বাস্তবতা উঠে এসেছে গল্পে। মানুষ কাছের গলেও নামের মতো নিছক,অতি সামান্য কিছু জিনিসও যে আরেকজনের কাছে অজানা থাকতে পারে তা গল্পের দৃশ্যপটে ফুকে উঠেছে চমৎকারভাবে।
গল্পটা ছোট কিন্তু জীবনের কিছু বাস্তবতা বুঝায়ে দেয়।ভালো লাগবে গল্পটা।
তারপর আসে ,যেখানে ঈদ নেই বইয়ের অন্যতম চমৎকার গল্প "কিংবদন্তী" ।
লেখক এ গল্পে অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন আমাদের সমাজের কিছু নিরেট বাস্তবতা। যেখানে সামাজিক প্রথা,রুসম,চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ সত্য,জ্ঞান, শৃঙ্খলার চেয়ে।
গল্পের চরিত্র কেরামত আলী সামাজিক সে প্রথার প্রতিনিধিত্ব করে ।ফলে তিনি অসৎ ,মূর্খ ,ধূর্ত হবার
পরেও সবার কাছে হয়ে ওঠেন আসল হিরো।
অপরদিকে জ্ঞান-গরীমায় , আখলাকে, সততার প্রতিক হবার পরেও আসল হিরো আরশাদুল আলম হয়ে পড়েন অপ্রাসঙ্গিক।
এভাবেই দিন যায়, দিন আসে। সমাজের এ অসৎ চর্চা বিলুপ্ত হয়না।চলতে থাকে।যা এখনো চলে আসছে....।
অতঃপর বইয়ের একেবারে শেষ প্রান্তে উপনীত হবার পালা।বই শেষ হয় 'ইমাম 'গল্প দিয়ে।
২৪ এর গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে একটি মসজিদের ইমামের যে সত্য উপলব্ধি ও মাজলুমের প্রতি অবস্থান তা আপনাকে তৎকালীন সময়ে টেনে নিয়ে যাবে।
আপনি চোখের সামনে দেখতে পাবেন সে বিভীষিকাময় দিনগুলো।জুলাই অভ্যুত্থানের এ গল্পটি পড়ার সময় আমার চোখেও ভেসে ওঠে সারা দেশের করুণ অবস্থা।
চোখের সামনে ভেসে ওঠে নিজ এলাকা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে ছাত্র জনতার পক্ষ নিয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মূলক আমার নিজের সেই বক্তৃতাগুলো।মনে পড়ে ঢাকা , রংপুরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিতে না পারার সেই আফসোস গুলো।মনে পড়ে সে আফসোস কিভাবে কবিতায় রূপ নিয়েছিলো তখন।
ইমাম গল্পে লেখক ইমামের মধ্যেও একই ধরণের দায়বদ্ধতা ও সত্যের পক্ষে অবস্থান জানান দিয়েছেন। মসজিদের খুতবায় জালিমের বিপক্ষে ও ছাত্র জানতার পক্ষে যে আলোচনা তা প্রেরণা জুগিয়েছে অসংখ্য মুসল্লিকে , সত্যকে বুঝতে, আপন করে নিতে।
এ গল্পের ইমাম হয়ে উঠেছেন সেই বিভীষিকাময় পরিস্থিতিতে সত্যের পক্ষে অবস্থানকারী প্রতিটি নাগরিকের প্রতিচ্ছবি।
এভাবে কখনো আন্দোলিত করে, কখনো গ্রামের নদী-নালা-খালে টেনে নিয়ে , কখনো মননের কথা বলে, কখনো সত্যের প্রতি
আহ্বান কখনো অন্তিম সময়ের কথা জানান দিয়ে বইটি শেষ হয়।তবে তার আবহ মানসপটে আঁচড় কেটে যায়... যার রেশ থেকে যায় অনেকক্ষণ।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।