অনুসন্ধান করুন

ইসতিয়াক আহমেদ হৃদয়-এর ৩ টি কবিতা

পড়ার সুবিধা
হরফের আকার:

জ্যামিতিক দুঃখ

মানুষ যখন জমি মাপে তখন মনে হয়
নকশার দাগ নম্বর গুলো নিয়ে তুমি হিসেব কষছো আমার বর্গাকার বুকে। শতক মেলানোর অংক লিখে আঁকলে এক অদৃশ্য ত্রিভুজ। এরপর ভাগ, গুণ, যোগ, আর পাশ্বর্বিক বিয়োগ। কি সুন্দর সব অংক। তোমার পাকা হাতে মিলে যায় সব ক্ষতময় ভূমি।
তুমি বললে, মাপযোগ বুঝতে হলে তোমাকে জানতে হবে ক্ষতময় ত্রিভুজের নির্ভুল কষ্ট।
যেমন ধরো আমার চোখ দুটি বিন্দু। আর সে বিন্দুতে তুমি অসংখ্য বিষাদময় বৃত্ত আঁকাতে পারো।
সেখানে কোনো জ্যা নেই।
বহিঃস্থ সকল বাহু উৎপন্ন করছে আপেক্ষিক রোমান্সের জ্যামিতি।
কোনদ্বয় পরস্পর সমান হলেও আমাদের দাম্পত্য বাহুদ্বয় পরস্পর অমান্তরাল।
কেননা তোমার ত্রিকোণমিতিক বুকের বৃত্তে কেবল ছেদ করে আমার জ্যামিতিক দুঃখগুলো।

অমানুষ

তোমাকে ভালোবেসে নিজেকে খুব ফাতরা লাগে।
যেন খুব অসহায় হয়ে গেছি নিজের কাছে; কাউকে খুব বেশি ভালোবাসা উচিত নয়, তাতে নিজের ক্ষতি হয় সবচেয়ে বেশি। কিন্তু সেই ধ্রুব সত্য কথার ভেতর দিয়ে একেকটি দুর্দিন আমি পার করি। কেউ আমাকে পড়তে জানে না— আমি কোনো প্রতারক নই, আমি কোনো বিশ্বাসঘাতক নই। তবু তোমাকে ভালোবেসে নিজেকে খুব অমানুষ বলে মনে হয়।

সমবায়ের অন্তর্জাল

আলো-আঁধারী কাব্যের ভেতর নৈশতার ঠোঁট
দাম্পত্য ফনেটিক্স আর ফিনিশীয় বর্ণের স্তুপ।
একেবারে ধারালো সবুজ; ভীষণ আড়ষ্ট সন্ধ্যা!
তুমি কেন ভাবছো? নক্ষত্রের ভূভারহীন কাব্যরসে অস্ফুট উত্তাপ সৃষ্টি করার কথা।
মাতাল চোখ কখন জানি টুপ করে জ্বলে উঠে দুপুরের আদিম চুলায়—
সমকালীন প্রেম কিংবা বাতাসের সঙ্গমে নিভে যায় শরীরের আগুন!
তুমি ভেবো না, শ্মশান ঘাটে দাঁড়িয়ে ছিলো কেউ। প্রায়ান্ধকার প্রেম ভেবে, যাকে তুমি সম্বোধন করেছিলে মা-মাছের ত্রিভুজাকার ডিম!
⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (১টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।