লেখক প্যানেল
সাবিনা রহমান চৌধুরী

সাবিনা রহমান চৌধুরী’র দুইটি কবিতা

অসামাজিক

দলবদ্ধ ভাবে কিছু মানুষ
এগিয়ে যাচ্ছে!
ওরা হাসছে কাঁদছে
ঘুড়ি উড়াচ্ছে-
টাকাগুলি সিন্দুকে তুলে রাখছে!

বাবার শেষকৃত্ত সম্পন্ন করে
মদ খাচ্ছে!
আর পরলোকে যাওয়ার আগে-
দান দক্ষিণা করে পুন্যি সঞ্চয় করছে!

তুমি পৃথিবীর উল্টোদিকে হাঁটছ-
মাঝসমুদ্রে ফেলে দিয়েছ
দাঁড়িপাল্লা টাকে!
আহত পাখিটাকে একটু একটু
করে উড়তে শেখাচ্ছ!
গাছটার ক্ষতস্থানে হাত বুলিয়ে দিচ্ছ
আর এভাবেই আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছ!

পৃথিবীর ইতিহাস তোমার নামকরণ
হয়েছে অসামাজিক!

বৈধব্য

জন্মলগ্নের পাশে
ঘাপটি মেরে বসে থাকে
শূন্য কলসি!
কিশোরীর চুলে উড়ে
এসে বসে বৃদ্ধ প্রজাপতি!

সহমরণে মৃত্যু উপহার দেয়
সাদা থান!

খাওয়ার পাতে জুটে
পরীক্ষা নিরীক্ষা!
এক জন্মে মরে পরের জন্মের
পুন্যি সঞ্চয় করতে হবে যে!

পবিত্রতা- মানে নারী
শিখিয়ে দেওয়া হয়
পিতৃতান্ত্রিক সমাজে!

মরে গিয়ে ও বেঁচে থাকার
উপলব্ধিতে!
আকাশের পানে
চেয়ে মেয়েটি
কেঁদে ফেলে!
ভাগ্যিস স্বামীর চিতায় তাকে
নিক্ষেপ করা হয় নি!

magnifiercrossmenu